

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে পাওনা টাকা লেনদেন নিয়ে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আরস মিয়ার লোকজন নূরধন মিয়াকে মারধর করলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতে পুলিশ ও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাতের ঘটনার জেরে বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার সমর্থকদের ওপর হামলা চালায়। মুহূর্তেই এই বিরোধ গোষ্ঠীগত সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান “পাওনা টাকা দিতে না পারায় মঙ্গলবার রাতে নূরধন মিয়াকে মারধর করা হয়েছিল। সকালে সেই ঘটনার জেরে পুনরায় সংঘর্ষ শুরু হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”




