

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশজুড়ে চলমান তীব্র জ্বালানি সংকট ও জনভোগান্তি নিরসনে জরুরি ভিত্তিতে বিকল্প উৎস থেকে তেল সরবরাহের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান। শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
রাজধানীসহ সারাদেশে জ্বালানি তেলের জন্য কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ লাইন এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
পবিত্র রমজান মাসে রোজাদারদের এই কষ্ট এবং সামনে ঘনিয়ে আসা ঈদযাত্রায় সম্ভাব্য চরম বিপর্যয় নিয়ে তিনি গভীর শঙ্কা প্রকাশ করেন।
এই সংকট কেবল যাতায়াতেই নয়, বরং বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি উল্লেখ করেন।
দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেন এবং দ্রুত এই সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।




