

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
টানা ১৩ দিনের বিরতি শেষে আজ রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক।
গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশন পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়েছিল। সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিতব্য আজকের বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, অধিবেশনের তৃতীয় দিনে মূল আলোচ্য বিষয় হবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব। এই আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন। এছাড়াও রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনার কর্মসূচি।
উল্লেখ্য, কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। বর্তমান এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে।




