

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে মনিরুজ্জামান শান্ত নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা রেকর্ড করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এই মামলাটি গ্রহণ করে।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হয়েছে। প্রাথমিক সত্যতা মেলায় আইন অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, “ভুক্তভোগী প্রথমে যে অভিযোগটি এনেছিলেন, তা সরাসরি মামলা হিসেবে নেওয়ার মতো আইনি ভিত্তি ছিল না। পরবর্তীতে অধিকতর তদন্তে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ মেলায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান শান্ত দাবি করেন, ওই স্থানে সাধারণ তর্কবিতর্ক হয়েছিল, কিন্তু ধর্ষণের হুমকির মতো কোনো ঘটনা ঘটেনি। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকও তার পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেন, “ঘটনার সময় শান্তর স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে এ ধরনের অভিযোগ ওঠা অবাস্তব।”
খোঁজ নিয়ে জানা গেছে, শান্তর বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগ নয়। গত বছরের ৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজার মণ্ডপ ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এছাড়া চলতি বছরের মার্চ মাসে ছাত্রলীগ নেতা ধরাকে কেন্দ্র করে ‘জনি’ নামে এক কর্মীকে ছুরিকাঘাত ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।




