কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশি-বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সম্মানে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই ইফতার মাহফিলে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সৌদি আরব, ফিলিস্তিন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, তুরস্ক, ফ্রান্স, জার্মানি এবং জাপানের প্রতিনিধিরা।

এছাড়া জাতিসংঘভুক্ত সংস্থা ইউএনডিপি (UNDP), ইউএনএইচসিআর (UNHCR), ইউনিসেফ (UNICEF) এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও আইওএম-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে যোগ দেন।

অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দীন ও ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ডা. শফিকুর রহমান উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ বিশ্বসম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক সম্মান ও গঠনমূলক সহযোগিতার ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়।” তিনি আশা প্রকাশ করেন যে, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

রমজানের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সংযম ও সহমর্মিতার শিক্ষা ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করতে পারলে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সবশেষে তিনি বিশ্বমানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button