

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে নারী শিক্ষার্থীদের উদ্দেশে বিকৃত যৌন আচরণের অভিযোগে মাহমুদুল হাসান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, মাহমুদুল হাসান সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণপাড়া গ্রামের মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে। তিনি ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
গত প্রায় ছয় মাস ধরে তিনি নতুনবাজার এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে ভোরবেলায় অবস্থান নিয়ে স্কুলগামী নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন ও বিকৃত আচরণ করে আসছিলেন।
গত বৃহস্পতিবার দুই শিক্ষার্থীকে লক্ষ্য করে একই ধরনের আচরণ করলে ঘটনাটি বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে স্কুল কর্তৃপক্ষ তাকে আটক করলেও দোকান মালিকের আশ্বাসে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এরপর মঙ্গলবার ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকা থেকে তাকে আটক করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় দায়ের করা যৌন নিপীড়নের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।




