তৃণমূলের মানুষদের প্রশ্ন করা শেখাতে পারলে কমবে মানবপাচার

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ:  সোনারগাঁয়ের উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেছেন, তৃণমূল মানুষের মধ্যে প্রশ্ন করার মানসিকতা তৈরি করতে পারলে মানবপাচার ও অভিবাসী চোরাচালান অনেকাংশে কমে যাবে। বিদেশগামী অনেক মানুষ প্রয়োজনীয় তথ্য না জানার কারণে প্রতারণার শিকার হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এবং অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

ইউএনও আসিফ আল জিনাত বলেন, তৃণমূল মানুষের মাঝে অনেক ধরনের তথ্যের অভাব রয়েছে। তারা জানে না বিদেশ যাওয়ার আগে কী প্রশ্ন করতে হবে বা কাকে করতে হবে। অনেকেই মনে করেন প্রশ্ন করলে বিদেশ যাওয়ার সুযোগ নষ্ট হয়ে যেতে পারে। এই ভয় দূর করতে হবে এবং মানুষকে প্রশ্ন করা শেখাতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেন। তিনি বলেন, অভিবাসন একটি জটিল প্রক্রিয়া। সঠিক তথ্যের অভাবেই মানবপাচার ও অভিবাসী চোরাচালান বাড়ছে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মো. শিহাবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সেন্টার ম্যানেজার শর্মী আরা হোসেন।

এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, গ্রাম পুলিশ, ইমাম, যুব প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে। ২০০৬ সাল থেকে প্রতিষ্ঠানটির মাইগ্রেশন প্রোগ্রাম নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার প্রতিরোধ এবং বিদেশফেরতদের পুনর্বাসনে কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button