চট্টগ্রামে ক্যান্সার জয়ীদের অংশগ্রহণে ব্যতিক্রমী মেলা

নিজস্ব প্রতিবেদক: ‘ক্যান্সার মানেই জীবনের সমাপ্তি’ এ ধারণা ভাঙতে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক বৈশাখী মিলনমেলা। ক্যান্সার জয়ীদের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় উঠে এসেছে সাহস, সংগ্রাম আর জীবনের জয়ের গল্প।

শুক্রবার (১ মে) নগরের জিইসি কনভেনশন হলে ‘বৈশাখী মিলনমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়। ‘লড়াই শেষে জয়ের সাজ, অদম্য যোদ্ধাদের উদ্যোগ আজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে ক্যান্সার চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অস্ত্রোপচার, ওষুধ এবং রেডিয়েশন সমন্বিত চিকিৎসার ফলে অনেক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। তাই ক্যান্সার মানেই জীবন শেষ, এ ধারণা সঠিক নয়।

মেয়র আরও বলেন, ক্যান্সার চিকিৎসায় শুধু চিকিৎসা নয়, রোগীর মানসিক শক্তি, পরিবারের সহযোগিতা এবং সঠিক পুষ্টিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ক্যান্সার জয়ীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সমাজে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করে।

তিনি বলেন, দেশে অনেক ক্ষেত্রে ক্যান্সার দেরিতে শনাক্ত হয়, যা চিকিৎসাকে জটিল করে তোলে। তাই প্রাথমিক পর্যায়ে পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সুস্থ হওয়ার পর রোগীদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

খ্যাতনামা অনকোলজিস্ট ডা. ভাস্কর চক্রবর্তীর তত্ত্বাবধানে আয়োজিত এ মেলার বিশেষত্ব ছিল এর উদ্যোক্তারা। মেলার প্রতিটি স্টল পরিচালনা করেন ক্যান্সার জয়ী ও চিকিৎসাধীন অংশগ্রহণকারীরা। তাদের হাতে তৈরি হস্তশিল্প, বৈশাখী পোশাক এবং ঐতিহ্যবাহী পিঠা-পুলির সমাহারে সাজানো হয় পুরো মেলা।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সারভাইভারদের স্টল, যেখানে ছিল হস্তশিল্প, পোশাক ও দেশীয় খাবারের প্রদর্শনী। পাশাপাশি স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ক্যান্সার জয়ীদের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়। এছাড়া ‘বিজয়ের বেশে’ শিরোনামে ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেডিটেশন ও আড্ডার আয়োজন ছিল।

আয়োজক ডা. ভাস্কর চক্রবর্তী বলেন, আমরা বিশ্বাস করি, ক্যান্সার মানেই জীবনের শেষ নয়; বরং এটি নতুন এক সাহসের শুরু। এই মেলার মাধ্যমে আমরা সমাজে সেই বার্তাই পৌঁছে দিতে চাই, ইচ্ছাশক্তি ও সঠিক চিকিৎসা থাকলে ক্যান্সার জয় করা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button