
মো লুৎফর রহমান লাইসুর, জেলা প্রতিনিধি দিনাজপুর: লিচুর রাজ্য দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে অপরিপক্ব লিচু। এ জেলায় লিচু উঠতে এখনও সময় লাগবে প্রায় দেড় সপ্তাহ। মাদ্রাজি জাতের ১০০ লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়।
রবিবার (১১ মে) সকালে দিনাজপুরের বাজার ঘুরে দেখা যায়, বেশ কয়েকজন ফল ব্যবসায়ী দোকানে মাদ্রাজি জাতের লিচু সাজিয়ে রেখেছেন। এসব লিচু দেখতে কাঁচাপাকা এবং অপরিপক্ক। ব্যবসায়ীরা ১০০ লিচু বিক্রি করছেন ৩০০ থেকে ৩২০ টাকায়। বছরের নতুন ফল হিসেবে এসব অপরিপক্ব লিচুই কিনছেন অনেকে ক্রেতা।
মাহাফুজ নামের একজন ক্রেতা বলেন, এই বছর আজকেই প্রথম বাজারে লিচু চোখে পরল। তাই ৫০টা লিচু ১৫০ টাকায় নিলাম।
বিপ্লব নামে একজন হোটেল ব্যবসায়ী বলেন , নতুন ফল দেখে লোভ সামলাতে না পেরে ১০০ লিচু কিনলাম। কিন্তু এসব লিচু এখনও পরিপক্ব হয়নি। খেতে টক মিষ্টি, এখনও সময় লাগবে। তবুও নিলাম। মৌসুমি ফল হিসেবে।
নিউ মার্কেট ফলের দোকানের কর্মচারী রফিক বলেন, দুই তিন দিন থেকে বাজারে লিচু উঠেছে। সকালে বাগানিরা ও স্থানীয় গাছের কিছু কিছু করে লিচু নিয়ে আসছেন। মাদ্রাজি জাতের লিচু। প্রচন্ড গরমে লিচুর রং চলে এসেছে। তাই আগাম লিচু বিক্রি হচ্ছে। বোম্বে, চায়না ফ্রি, বেদনা জাতের লিচু উঠতে এখনও সময় লাগবে। মাদ্রাজি জাতের লিচুর চাহিদা কম, বেচাবিক্রিও তেমন হচ্ছে না।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারি উপ পরিচালক (শস্য) আনিছুজ্জাম বলেন, এখন বাজারে যে সমস্ত লিছু উঠছে তা পরিপক্ক নয়। বাজারে লিচু উঠতে এখনও প্রায় দেড় সপ্তাহ সময় লাগবে। সে সময় লিচুর সঠিক স্বাদ পাওয়া যাবে।




