মো : ইমন হোসেন: ঢাকার সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া দক্ষিণ দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে ব্যবসায়ী আলতাফ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগীর দাবি, প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে তার ওপর আক্রমণ চালিয়ে তাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় দায়ের করা অভিযোগে নয়ন, শাহেলা, শরিফ, আবু তাহের ও গীতাসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




