পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি, নওগাঁ।

নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো ছাত্রদল থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার হেলিপ্যাড মাঠে আয়োজিত জামায়াতের এক নির্বাচনী জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

শুক্রবার দুপুরে বিদ্যুৎ চন্দ্র মাহাতো ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার অজুহাত দেখিয়ে নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। এর মাত্র কয়েক ঘণ্টা পরেই তিনি জামায়াতের জনসভায় উপস্থিত হয়ে দল পরিবর্তনের ঘোষণা দেন।

নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

হিন্দু ধর্মাবলম্বী হয়েও কেন জামায়াতে যোগ দিলেন—এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ চন্দ্র বলেন:

“চব্বিশের ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড আমার খুব ভালো লেগেছে। জামায়াতের কাছে এই দেশ নিরাপদ বলে আমি বিশ্বাস করি। হিন্দু হয়েও জামায়াতে যুক্ত হওয়ার সুযোগ আছে কি না, তা নিয়ে অনেকের পরামর্শ নিয়েছি এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়েছি।”

নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও জামায়াতে যোগদানের বিষয়ে তিনি অবগত ছিলেন না বলে জানান। তবে দায়িত্ব থাকা অবস্থায় হঠাৎ এমন দলত্যাগকে দলীয় শৃঙ্খলার পরিপন্থি হিসেবে দেখছেন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।

নির্বাচনী জনসভায় বিদ্যুৎ চন্দ্রের এই যোগদানকে স্বাগত জানিয়ে জামায়াত নেতৃবৃন্দ জানান, তাদের দলে সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার পরিবেশ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button