

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ।
আজ (৭ মার্চ) পাওয়া যাচ্ছে আগামী ১৭ মার্চের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
যাত্রীদের সুবিধার্থে এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রির প্রক্রিয়াটি দুটি ভাগে ভাগ করা হয়েছে সকাল ৮টা রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা রেলওয়ের পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
একজন যাত্রী সর্বোচ্চ একবারের প্রচেষ্টায় ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে অগ্রিম কেনা এই টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরতযোগ্য নয়।
সাধারণ যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ টিকিট ‘স্ট্যান্ডিং’ বা দাঁড়িয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে। এই টিকিটগুলো যাত্রা শুরুর দিন প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সহজলভ্যতা নিশ্চিতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




