ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা এবি পার্টির

জ্যেষ্ঠ প্রতিবেদক: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২ মে (শনিবার)। দিনটি বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির সূচনা হবে সকাল ৯টা ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। দলের কেন্দ্রীয় অফিস সংলগ্ন বিজয়-৭১ চত্বর থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা।

সকাল সাড়ে ১০টায় কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে শুরু হবে প্রতিনিধি সম্মেলন। এতে অংশ নেবেন দলের শাখা ও তৃণমূল প্রতিনিধিরা। দলের কার্যক্রম পর্যালোচনা, সাম্প্রতিক নির্বাচন নিয়ে দলের নীতি-অবস্থান, জাতীয় রাজনীতি প্রসঙ্গে মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দলের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা এতে বক্তব্য দেবেন।

এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ জানান, বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে। এতে জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব‍্যক্তিরা এবং দলের সর্বস্তরের শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, সংসদে বিরোধীদলের চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী আয়োজন হিসেবে থাকবে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সফল করার জন্য এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদ বলেন, দলের ৬ বছরের পথচলায় যাদের ঐকান্তিক সহযোগিতা, ত‍্যাগ, নিষ্ঠা ও কর্মোদ‍্যোগে জাতীয় অঙ্গনে একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে তাদের সবার প্রতি নেতৃবৃন্দ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে এবি পার্টি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button