বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
তিনি আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন এবং পরবর্তী তিন বছরের জন্য নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ১৬ই জুলাই বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সম্প্রতি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড, যেমন- ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চল এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর অসামান্য পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে 'নৌবাহিনী পদক' এবং 'নৌ পারদর্শিতা পদক'-এ ভূষিত করা হয়েছে।
এদিকে, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের নিয়োগের তথ্য জানার পর একটি মহল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চালিয়েছে, যা সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। তবে দেশবরেণ্য একাধিক ব্যক্তি তাঁদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরস্কার রুখে দেওয়া যায় না। এই দীর্ঘ ও নিবিড় কর্মজীবনে তাঁর মধ্যে নৈতিক বিচ্যুতি বা অর্পিত দায়িত্ব ও আস্থার প্রতি অবহেলার কোনো লক্ষণ কখনো প্রত্যক্ষ করা যায়নি।
তাঁরা তাঁদের লেখনিতে উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে—যেমন ভ্রমণ ভাতা (TA/DA) সংক্রান্ত বিলম্ব বা সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ—সে প্রসঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে শুধু এটুকুই বলা যায়, কর্মজীবনের কোনো পর্যায়ে কূটনৈতিক, উচ্চ বা বিশেষ দায়িত্বপূর্ণ পদে কাজ করলে অনেককেই এ ধরনের তুচ্ছ ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের মুখোমুখি হতে হয়। বহু ক্ষেত্রেই এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কোনো অসৎ স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে থাকে।
অন্যদিকে, বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ১৬ জুলাই ২০২৬ তারিখে সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি ২০২৩ সালের ২৪ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!