সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট বা আকামা ইস্যু ও নবায়নের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাস মেয়াদে আকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। এর ফলে নিয়োগকর্তাদের আর্থিক ব্যয়ে আরও নমনীয়তা আসবে।

রোববার (১৯ জুলাই) সৌদি গেজেট ও ওকাজ পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এই বিশেষ সেবাটি চালু করা হয়েছে।

এখন থেকে নিয়োগকর্তারা ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাস—যেকোনো মেয়াদে গৃহকর্মীদের আকামা নবায়ন করতে পারবেন। তিন মাস বা এর গুণিতক মেয়াদে আকামা নবায়নের ক্ষেত্রে ফি ত্রৈমাসিক ভিত্তিতে কিস্তিতে পরিশোধের সুযোগ রাখা হয়েছে। পুরো বিষয়টি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ‘আবশের’ প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

এর আগে গৃহকর্মীদের আকামা নবায়নের ক্ষেত্রে সাধারণত এক বা দুই বছরের মেয়াদ বাধ্যতামূলক ছিল, যা নিয়োগকর্তাদের জন্য এককালীন বড় অংকের টাকা পরিশোধের চাপ সৃষ্টি করত। নতুন এই ব্যবস্থার ফলে নিয়োগকর্তারা এখন তাদের আর্থিক সক্ষমতা ও প্রয়োজন অনুযায়ী সময়সীমা নির্বাচন করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সেবা আধুনিকায়ন, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে সৌদি আরবে কর্মরত প্রবাসী গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তারা আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।