বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় সরকারি সিদ্ধান্তে নাম রাখা নিয়ে সৃষ্ট বিতর্ক ও সমালোচনার মুখে অবশেষে ইউনিয়ন তিনটির নাম পরিবর্তন করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে নামকরণ করা বিতর্কিত ইউনিয়ন তিনটির নতুন নাম ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রবিবার (১৯ জুলাই) সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই নামগুলোর রেজুলেশন অনুমোদন ও পাস করা হয়েছে।

নতুন যেসব নাম রাখা হয়েছে: শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ি’ ইউনিয়নের নতুন নাম দেওয়া হয়েছে বেতগাড়ী ইউনিয়ন। মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ইউনিয়নের নতুন নাম রাখা হয়েছে জগন্নাথপুর ইউনিয়ন। মোকামতলা উপজেলার ‘দিগন্ত’ ইউনিয়নের নতুন নাম রাখা হয়েছে রহবল ইউনিয়ন

গত ১৪ জুন সরকারি প্রজ্ঞাপনে বগুড়ায় নতুন চারটি ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নামকরণের সাথে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক ও সন্তানদের নামের মিল থাকায় দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিমন্ত্রীর পরিবারের নামানুসারে ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে। বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপিত হয়।

প্রতিমন্ত্রী এ সময় বিষয়টিকে ‘কাকতালীয়’ বলে দাবি করলেও বিতর্ক থামেনি। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নাম পরিবর্তনের নির্দেশ দিলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। গত জুন মাসে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে গণশুনানি করা হয় এবং সেই ফলাফলের ভিত্তিতেই আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো।

এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, সমন্বয় সভায় অনুমোদিত এই প্রস্তাব দ্রুতই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।