কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে বিশেষ অভিযানে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাত দেড়টার দিকে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি চেকপোস্টে তল্লাশির সময় এই ইয়াবার চালানটি ধরা পড়ে। রোববার (১৯ জুলাই) বিকেলে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হোসেন আলী (৪৫) কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকার সামশুল আলমের ছেলে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে সন্দেহভাজন নম্বরবিহীন প্রাইভেটকারটির গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, ইয়াবার চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল, তা নিশ্চিত হতে গ্রেফতার হোসেন আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ইয়াবা বহনকারী প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!