চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহেদ হারুণী ওরফে জাহিদ হোসেন ওরফে ‘ডাইল জাহেদ’কে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
রোববার (১৯ জুলাই) র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাহাড়তলী থানার অস্ত্র মামলার (মামলা নং-২৯(০৪)১৯, জিআর নং-৮৪/১৯, বিশেষ ট্রাইব্যুনাল নং-৫৫৩/১৯) গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহেদ হারুণী পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পাহাড়তলী থানার পোর্ট কানেক্টিং রোডের কলকা সিএনজি ফিলিং স্টেশনসংলগ্ন বারো আউলিয়া কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহেদ পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার তোফাজ্জল আলীর ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে পাহাড়তলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!