শিশুশ্রম নিরসনে দেশে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (এএসডি) এবং ‘চাইল্ড লেবার ইলিমিনেশন প্ল্যাটফর্ম’ (ক্লেপ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘শিশুশ্রম নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডেপুটি স্পিকার তার বক্তব্যে আইন প্রয়োগের সীমাবদ্ধতা ও জবাবদিহিতার বিষয়ে জোর দিয়ে বলেন, দেশে চমৎকার আইন থাকা সত্ত্বেও যথাযথ বাস্তবায়নের অভাব রয়েছে। বিশেষ করে প্রভাবশালী ব্যক্তির অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের তদারকি ও নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে গৃহকর্মে নিয়োগ না দেওয়ার জন্য সবার প্রতি সামাজিক শপথ নেওয়ার আহ্বান জানান। শিশুদের কল্যাণে প্রয়োজন হলে জাতীয় সংসদে বিদ্যমান আইন সংশোধন বা নতুন আইন প্রণয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। প্রধানমন্ত্রী পথশিশুদের পুনর্বাসন ও মূলধারায় ফিরিয়ে আনতে যে মানবিক উদ্যোগ নিয়েছেন, তা রাজনীতিমুক্ত রাখার অনুরোধ জানান ডেপুটি স্পিকার।

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এবং সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, আন্না মিনজ ও শওকত আরা আক্তার। এছাড়া এএসডি, আইএলও, জাতীয় মানবাধিকার কমিশন ও অন্যান্য মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।