ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। এর মধ্যে পল্লবী ও রূপনগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দুজনকে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন করা হয়।
পল্লবী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন। পল্লবী থানার বিদায়ী ওসি মো. হাসান বাসিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার নতুন ওসি করা হয়েছে। রূপনগর থানার সাবেক ওসি মো. নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
অন্যান্য বদলির মধ্যে শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত), রামপুরা থানার বাহালুল খানকে ডিবি-তেজগাঁও বিভাগ, ডিবি-ওয়ারী বিভাগের মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) এবং যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।