রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। দুটি ককটেলের মধ্যে একটি ঘটনাস্থলেই বিস্ফোরিত হয় এবং অপরটি পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট সফলভাবে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশ পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে পালিয়ে যান।

ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ। পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আসামিদের চিহ্নিত করতে ইতোমধ্যেই আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।