দেশে মাদক মহামারি আকার ধারণ করছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, মাদক ও অপরাধের সাথে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক নাম ব্যবহার করে কেউ যেন অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ নেই।
গত শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং দেশব্যাপী পুলিশি ও এসআরবি টহল বৃদ্ধির পাশাপাশি ১২৫টি নতুন থানা গঠনের পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে মাদকের হটস্পট হিসেবে পরিচিত মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের বাসিন্দাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের নীতির পাশাপাশি সামাজিক আন্দোলনও একসাথে চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদকের প্রভাবেই সমাজে খুন, চুরি, ছিনতাই, ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং এটি একটি বহুমাত্রিক সামাজিক সংকটে পরিণত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতার পালাবদলে রূপ বদলানো মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয়। বিতর্ক প্রতিযোগিতায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজকে হারিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।