ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান দাবি করেছেন, এই নির্বাচনে বিএনপির সমর্থকরাও জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন।

রোববার (১১ অক্টোবর) সদর উপজেলার চিলারং ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে দেলাওয়ার হোসেনের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে তিনি সাবেক এমপি ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগের নির্বাচনী বক্তব্যের কথা স্মরণ করিয়ে বলেন, তিনি নিজেই এই এলাকা থেকে নির্বাচন না করার ইঙ্গিত দিয়ে দেলাওয়ারকে বিজয়ী করার বার্তা দিয়ে গিয়েছিলেন। তাই উত্তরবঙ্গের পিছিয়ে পড়া এই অঞ্চলের চাঁদাবাজি, দুর্নীতি প্রতিরোধে এবং একটি সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়তে ‘মজলুম’ প্রার্থী দেলাওয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীকে জয়ী করার জন্য বিএনপি ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ২৯ অক্টোবরের নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করার পরামর্শ দেন।

অন্যদিকে বিএনপির নির্বাচনী নানা প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সরকার গঠনের পর গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং সারের বাজারে সিন্ডিকেট তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসনটি ছেড়ে দেওয়ায় ঠাকুরগাঁও-১ শূন্য আসনটিতে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিএনপির মূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফয়সল আমীন।