সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ১২ জন নিহত ও বহু হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

রবিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ মোট ১২ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০৯ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান নিহতদের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসা ও মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান।

তিনি আরও বলেন, বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে শত্রুতা বন্ধ করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান তিনি।