রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, স্বর্ণবার ও সর্বাধুনিক আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দকৃত ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোনের আনুমানিক বাজারমূল্য শুল্ক-করসহ প্রায় ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।
গতকাল সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুই বিমানবন্দরে পৃথকভাবে এ অভিযানগুলো পরিচালিত হয় বলে কাস্টমস গোয়েন্দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির বি-শিফটের কর্মকর্তারা বিশেষ নজরদারি চালান। এ সময় কুয়ালালামপুর থেকে আসা ফ্লাইটের যাত্রী ফাতেমা তুজ জোহরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে থামিয়ে ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার এবং একটি ‘আইফোন ১৮ প্রো-ম্যাক্স’ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।
অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৪৮) ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রথম যাত্রী তানবীর হাসান রিফাত শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করলেও কাস্টমস হলরুমে উপস্থিত অন্যান্য সংস্থার সদস্যদের সামনে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার পরা জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং শরীর তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার পাওয়া যায়।
একই ফ্লাইটের অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে অনুরূপভাবে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এই দুই যাত্রীর কাছ থেকে পাওয়া মোট ৪৩৪ গ্রাম স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।
সিআইআইডি জানিয়েছে, সংশ্লিষ্ট একজন যাত্রীর পাসপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে—তিনি চলতি ২০২৬ সালে আগেও ব্যাগেজ নিয়মের আওতায় স্বর্ণ এনেছিলেন।
সংস্থাটি আরও জানায়, চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারির অংশ হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কেবল গত এক সপ্তাহেই বিভিন্ন যাত্রীর কাছ থেকে ৭০২ গ্রাম স্বর্ণবার ও ২০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ৯০২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।