একটি চক্র দেশে ও বিদেশে বসে সরকার এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, চক্রান্তকারীদের সব অপচেষ্টা প্রতিহত করতে এবং দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। পূজা মণ্ডপগুলোতে পাহারার ব্যবস্থা করা এবং নিয়মিত যোগাযোগের জন্য দলের পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে তিনি শিক্ষার গুরুত্ব ও সুস্থ বিনোদনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং স্থানীয় নেতা-কর্মীদের হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার আহ্বান জানান।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ।