পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যাক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক সভায় তিনি এই আহ্বান জানান।
সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের 'মাদার ট্রি' চিহ্নিত করে সংরক্ষণ করা, রোপণকৃত চারা গাছের নিয়মিত পরিচর্যা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে পরিবেশ মন্ত্রণালয় থেকে ঘোষিত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা সফল করার তাগিদ দেওয়া হয়।
ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী ঢাকা শহরকে দূষণমুক্ত করতে সমন্বিত উদ্যোগের জোর দেন। তিনি ছাদবাগান, স্কুলবাগান তৈরিতে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ ও বন রক্ষায় সার্বিক জনসচেতনতা বাড়ানোর নির্দেশ দেন।
সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খান উপস্থিত ছিলেন।