বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে কার্যালয়ে এসে অগ্নিকাণ্ডের বিষয়টি দেখতে পান দলীয় নেতারা। এনসিপি নেতাদের দাবি, সিসিটিভি ও ভিডিও ফুটেজে দেখা গেছে—তিনজন যুবক কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এবং অপর একজন পুরো ঘটনাটি মুঠোফোনে ধারণ করছেন। তবে ভিডিওতে তাদের মুখ স্পষ্ট না হওয়ায় কাউকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায়নি।
এনসিপি জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদ ও সদস্যসচিব সুলতান মাহমুদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর পেছনে পতিত ফ্যাসিস্টদের দোসরদের হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।