ছোট মেয়ে আনায়ার প্রথম জন্মদিন উপলক্ষে আগের ভুল তথ্যের অবসান ঘটিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছিল যে আনায়া গত বছরের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেছে; তবে আজ এক ফেসবুক পোস্টে অপূর্ব স্পষ্ট করেছেন যে তার মেয়ে আসলে গত বছরের ১৫ অক্টোবর (আজকের দিনেই) জন্মগ্রহণ করেছিল।
মেয়ের প্রথম জন্মদিনে সামাজিক মাধ্যমে আনায়ার দুটি ছবি প্রকাশ করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন অপূর্ব ও তার স্ত্রী শাম্মা দেওয়ান। বার্তায় অপূর্ব লিখেছেন, “তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যার প্রথম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা... জন্মের সেই প্রথম মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের রানির মুকুট পরে আছো।”
উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। এর আগে তার প্রথম সংসারে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে।