অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তার স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপসহকারী পরিচালক ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
প্রথম মামলায় আসামি করা হয়েছে পরিদর্শক ফখরুদ্দীন ভূঞাকে। এজাহার অনুযায়ী, তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৯০ লাখ ৯১ হাজার ২৬৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অনুসন্ধানে তার ১ কোটি ৫৫ লাখ ৯৫ হাজার ৯১১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেলেও তার বৈধ আয় ছিল ৬৩ লাখ ৮৩ হাজার ৯৫৭ টাকা। ফলে ৯২ লাখ ১১ হাজার ৯৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলাটি রুজু হয়।
দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে তার স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে, যেখানে ফখরুদ্দীন ভূঞাকেও আসামি করা হয়েছে। তদন্তে জাহানারা খানমের নামে ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। অসাদুপায়ে অর্জিত অর্থ বৈধ করতে সরকারি কর্মকর্তা হিসেবে পরিদর্শক ফখরুদ্দীন ভূঞা তার স্ত্রীকে সহায়তা করায় তাদের বিরুদ্ধে দুদক আইনের ২৭(১) ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়।