ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের বাসভবন ও দপ্তর 'আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্রাসাদ' লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহী হুথি গোষ্ঠী।

দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে অবস্থিত এই প্রাসাদে বৃহস্পতিবারের এই হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। ইয়েমেনের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি এবং সরকারের অন্যান্য সদস্যরা নিরাপদ আছেন। তবে নিহত ও আহতদের মধ্যে প্রাসাদের নিরাপত্তারক্ষী এবং সেখানে কর্মরত বেসামরিক কর্মীরা রয়েছেন।

প্রেসিডেন্সিয়াল সরকারের সূত্রে জানা গেছে, হামলায় পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং প্রাসাদের পাশাপাশি আশপাশের বেসামরিক বাড়িঘরেও গোলাবর্ষণ করা হয়। গত জুলাই মাসে হুথি এবং সরকারের মধ্যে পুনরায় লড়াই শুরু হওয়ার পর প্রেসিডেন্সিয়াল প্রাসাদে এটিই প্রথম হামলার ঘটনা।

হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী জানান, তারা মূলত এডেনে সৌদি সামরিক জোটের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালিয়েছে এবং সৌদি উপস্থিতি রয়েছে এমন যেকোনো স্থানকে তারা হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে মনে করে।

উল্লেখ্য, ২০১৪ সালে গৃহযুদ্ধ শুরুর পর ২০১৫ সালে রাজধানী সানা দখল করে নেয় হুথিরা। পরবর্তী সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করলে দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। রাজধানী সানাসহ উত্তরাঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তর্বর্তী প্রেসিডেন্সিয়াল পরিষদের হাতে, যার প্রশাসনিক কেন্দ্র এডেন শহর।