সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় সবমিলিয়ে ১৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এই তথ্য জানান।

তিনি জানান, রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ জন এবং আবহা বিমানবন্দরে দুজন নিহত হয়েছেন। এছাড়া হুথিদের এসব হামলায় বিমানবন্দরগুলোতে মোট ৩৬৪ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল আকবারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি আল-মালিকি জানান, গত জুলাই থেকে লড়াই শুরু হওয়ার পর অক্টোবর মাস থেকে সৌদি আরবে হুথিদের হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে চলতি মাসের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ২০ বার হামলার শিকার হয়েছে। গত ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে শুধু এই বিমানবন্দরেই ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হন। এর মধ্যে গত শনিবারের সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন মারা যান এবং পরবর্তীতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পায়।

এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির অঞ্চলের আবহা বিমানবন্দরে দুজন নিহত ও ২৮ জন আহত হন এবং জাজান অঞ্চলের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে আরও তিনজন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে।