রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে ক্লাবে আসেন। মেয়েকে সুইমিংপুলে দিয়ে তিনি নির্মাণাধীন ভবনটির দিকে যান। এর প্রায় এক ঘণ্টা পর নিচতলার সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়।

অফিসার্স ক্লাবের সদস্য মো. মোশাররফ হোসেন পরিবার নিয়ে বনানীতে বসবাস করতেন। তার দৃষ্টিশক্তি কিছুটা দুর্বল ছিল।

ঘটনার বিবরণ দিয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, ভবনের তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত না করার বিষয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

পারিবারিক সূত্র জানায়, মরহুমের বড় মেয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছানোর পর তার দাফনসম্পন্ন করা হবে।