অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (১৭ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দি চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়া অবস্থানকালে তিনি মেলবোর্নের ‘ডিকিন ইউনিভার্সিটি’ পরিদর্শন করেন। সেখানে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষা, যৌথ গবেষণা এবং অ্যাকাডেমিক বিনিময় কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

পরবর্তী পর্যায়ে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘অ্যাসোসিয়েশন অব দি ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেন।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক মতবিনিময় এবং বেশ কয়েকটি সামরিক স্থাপনা পরিদর্শন করেন।

আইএসপিআর আশা প্রকাশ করেছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনী এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসআরপ্যাক) মধ্যকার পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সুদৃঢ় হবে।