আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ছুটির দিনগুলোতে পিক আওয়ারে প্রতি ১০ মিনিট পর এবং অফ-পিক আওয়ারে ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের সুবিধার্থে পিক আওয়ারে ১০ মিনিট ব্যবধানে ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রোরেলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা ১০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং বিকেলে পৌনে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়কে পিক আওয়ার হিসেবে গণ্য করা হয়। সাধারণ কর্মদিবসে পিক আওয়ারে প্রতি ৫ থেকে ৬ মিনিট পর এবং অফ-পিক আওয়ারে ৮ থেকে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করলেও ছুটির দিনে এই বিরতি কিছুটা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে শনিবার থেকে বৃহস্পতিবার উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে সকাল ৭টা ১৫ মিনিটে দিনের প্রথম ট্রেন ছাড়ে। উত্তরা থেকে রাতের শেষ ট্রেন ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছাড়ে। এছাড়া শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ৩টায় এবং মতিঝিল থেকে বিকেল ৩টা ২০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।