সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন কলম্বিয়ান র‍্যাপার চেলো হপ। ভিডিওটিতে দেখা যায়, মঞ্চে গান পরিবেশনের সময় এক দর্শক তাঁর দিকে ইসরায়েলের একটি পতাকা বাড়িয়ে দিলে তিনি তাৎক্ষণিক ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর পতাকাটি হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে পা দিয়ে মাড়াতে থাকেন এবং পরবর্তীতে লাথি মেরে মঞ্চ থেকে সরিয়ে দেন।

ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের নিপীড়ন ও গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদ হিসেবে গায়িকার এই চরম প্রতিক্রিয়া নেটিজেনদের বড় একটি অংশের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘ সময় ধরে প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত এই গায়িকার ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর ধরণ সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়া নিউজ ও ফ্রি প্রেসের প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ‘হিপ হপ আল পারকে’ উৎসবে পারফর্ম করার সময় এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। সেখানে গান গাওয়ার একপর্যায়ে চেলো হপ স্প্যানিশ ভাষায় ‘পালেস্তিনা লিব্রে’ বলে জোরদার স্লোগান দেন, যার অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’। চেলো মূলত তাঁর রাজনৈতিক গান এবং বিভিন্ন গণআন্দোলনের প্রতিরোধ ও সংগ্রামের কথা তুলে ধরা সংগীতের জন্যই সংগীতাঙ্গনে বেশ পরিচিত।

সেদিন মঞ্চেও তিনি ‘অ্যানাতোমিয়া’ নামের একটি গান পরিবেশন করেন, যার মূল বিষয়বস্তু ছিল রাজনৈতিক সংগ্রাম ও অধিকার আদায়ের লড়াই। ঘটনাটি ২৪ তারিখে ঘটলেও সাম্প্রতিক সময়ে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন সমর্থকদের নজর কাড়ে, তবে একই ঘটনায় কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত তীব্র নিন্দা প্রকাশ করেছেন বলে জানা গেছে।