রাজধানীর উত্তরখান এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নোটিশ জারির নামে সাধারণ মানুষকে জিম্মি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে রাজউকের এক পরিদর্শকের (ইন্সপেক্টর) বিরুদ্ধে। ভবন নির্মাণ, জমি ও বিভিন্ন স্থাপনা সংক্রান্ত নোটিশ দেওয়ার পর তা মীমাংসার কথা বলে ভুক্তভোগীদের ওপর আর্থিক লেনদেনের চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযুক্ত এই কর্মকর্তার নাম নাজমুল, যিনি রাজউকের ইন্সপেক্টর হিসেবে দায়িত্বরত আছেন।
স্থানীয়দের অভিযোগ, উত্তরখান এলাকার বিভিন্ন বাড়ি ও স্থাপনা নির্মাণের ক্ষেত্রে রাজউকের নিয়মনীতির অজুহাত দেখিয়ে নির্বিচারে নোটিশ পাঠানো হচ্ছে। পরবর্তীতে এসব নোটিশের গ্যাঁড়াকলে ফেলে সাধারণ মানুষকে হয়রানি করা হয় এবং বিষয়টি মীমাংসা করে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। এভাবে গত কিছুদিনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
এদিকে, এই অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাজউকের ইন্সপেক্টর নাজমুলকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এমন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে রাজউকের অথরাইজড কর্মকর্তা (২/১) মো. হাসানুর জামানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "এই রকম দুর্নীতি করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।"
সাধারণ মানুষকে চরম হয়রানি ও দুর্ভোগ থেকে রক্ষা করতে অবিলম্বে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। একই সঙ্গে নোটিশ জারির পুরো প্রক্রিয়া যাচাই এবং কথিত এই আর্থিক লেনদেনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।