টঙ্গীতে মাদরাসায় সাত বছরের শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় পাল্টা আসামি হওয়া শিশুর বাবা শাহজালাল রুমি দেশেই আছেন এবং তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী এইচ. এম রুহুল আমীন মোল্লা (হাসান)।
আইনজীবী জানান, আইনি সহায়তার জন্য গত সোমবার রাতে রুমি তার চেম্বারে দীর্ঘক্ষণ অবস্থান করেন। টঙ্গী পশ্চিম থানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়েছে। তবে এখনো শুনানির দিন নির্ধারিত হয়নি।
এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার কারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমি এবং পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়। যেখানে ভুক্তভোগী শিশুর বাবার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
এই পাল্টা মামলা দায়েরের পরই মূলত আড়ালে চলে যান শাহজালাল রুমি এবং সোমবার রাতে গণমাধ্যমকর্মীদের জানান যে তিনি দেশেই নেই। তবে তার আইনজীবীর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলো যে, তিনি দেশেই আছেন এবং আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।