বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেমিনারে ডা. জুবাইদা রহমান বলেন, “বাংলাদেশের বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে সুযোগ সম্প্রসারণে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, কর্মসংস্থানমুখী শিক্ষা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সামাজিক সহায়তা কর্মসূচি ও ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে সরকার মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্বাস্থ্যকে নিজের পেশাগত ও ব্যক্তিগত আগ্রহের মূল ক্ষেত্র হিসেবে উল্লেখ করে এই চিকিৎসক বলেন, “মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় চমৎকার সম্পর্ক দিন দিন আরও জোরদার হচ্ছে। দুই দেশের অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সামাজিক খাতের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার বিশাল সুযোগ রয়েছে।”

আন্তর্জাতিক অঙ্গনে স্বাস্থ্য কূটনীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, “'সবার জন্য স্বাস্থ্য' নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য অর্জনে স্বাস্থ্য কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ ও জাপান উভয় দেশই শিশুদের জন্য নিরাপদ পরিবেশ এবং তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারি প্রয়াসের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক ফাউন্ডেশনগুলোর ভূমিকার কথা উল্লেখ করে তিনি সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় কাজের প্রশংসা করেন। একই সাথে তিনি বাংলাদেশে ফাউন্ডেশনটির কার্যক্রম আরও জোরদার ও সম্প্রসারণের আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান আশ্বাস দিয়ে বলেন, স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেকোনো যৌথ উদ্যোগে বাংলাদেশ সরকার পূর্ণ সহযোগিতা ও সমর্থন প্রদান করবে।

উক্ত সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।