সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। এই চুক্তির আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে একটি আধুনিক টহল জাহাজ প্রদান করবে জাপান সরকার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর অধীনে এই জাপানি অনুদান সহায়তার চুক্তিপত্রে নিজ নিজ পক্ষে স্বাক্ষর ও নথি বিনিময় করেন।

ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপান-নির্মিত একটি ৩৫ মিটার শ্রেণির অত্যাধুনিক টহল জাহাজ (Patrol Vessel) প্রদান করা হবে। এটি বঙ্গোপসাগরে সামুদ্রিক অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক সক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে (২৬ থেকে ২৯ অক্টোবর) স্বাক্ষরিত এই চুক্তিটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে এবং দুই দেশের মধ্যকার 'কৌশলগত অংশীদারিত্ব'কে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।