‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক কর্মসূচি ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কর্মসূচির মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের জন্য হাত ধোয়ার সঠিক পদ্ধতির ওপর ব্যবহারিক প্রশিক্ষণ। এ সময় সাবান দিয়ে ধাপে ধাপে হাত পরিষ্কার করার নিয়ম এবং কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার প্রয়োজনীয়তা হাতে-কলমে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের সামনে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন।

প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যতের রূপকার। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রথম ও প্রধান ধাপ হলো হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তোলা। শুধু খাওয়ার আগে বা শৌচাগার ব্যবহারের পর নয়, জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সঠিক নিয়মে হাত ধোয়া অত্যন্ত জরুরি।”

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মতিউর রহমান, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শরীফ ইমতিয়াজ।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ব্যবহারিকভাবে হাত ধোয়ার কৌশল শেখানো হয়েছে, যাতে তারা নিজেরা এ অভ্যাস মেনে চলার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করতে পারে। প্রতিটি শিশু যেন স্বাস্থ্য সুরক্ষায় একেকজন “হাত ধোয়ার নায়ক” হয়ে উঠতে পারে, সেটিই আমাদের মূল প্রত্যাশা।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন।