টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এলাকায় মাটির নিচ থেকে জং ধরা দুটি লোহার বাক্স উদ্ধার করেছে পুলিশ। বাক্স দুটিতে ১২টি রকেট লঞ্চারসদৃশ বস্তু ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু রয়েছে। বিশেষ বিষয় হলো, বাক্স দুটির গায়ে ইংরেজিতে 'East Pakistan Police Tangail' লেখা একটি নেমপ্লেট রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সখীপুর সরকারি কলেজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া এলাকার কৃষক মো. আশ্রব আলী ও তার ছেলে শাকিল নিজেদের জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা লোহার তৈরি দুটি ভারী বাক্স দেখতে পান। পরে সেগুলো মাটি থেকে তুলে জমির আইলে রেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে।
জমির মালিক কৃষক আশ্রব আলী বলেন, “ছেলেকে নিয়ে জমিতে মাটি কাটার সময় মাটির নিচে লোহার দুটি বাক্স দেখতে পাই। বাক্সগুলোর অবস্থা দেখে সন্দেহ হওয়ায় আমরা সেগুলো তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দিই।”
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, “বস্তুগুলো দেখে বহু পুরোনো কোনো নিদর্শন বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন বা তার আগের সময়ের পূর্ব পাকিস্তান পুলিশের ব্যবহৃত কোনো অস্ত্র বা সরঞ্জাম হতে পারে।”
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, বাক্স দুটি বন্ধ ও সুরক্ষিত অবস্থায় পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিস্ফোরক নিয়ন্ত্রণ টিমের সাথে যোগাযোগ করে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।