ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজধানীতে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তুরাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময় এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সোহাগের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। কয়েক শত নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিছিলটি তুরাগ থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা নবগঠিত কমিটির নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বিভিন্ন উল্লাস ও জোরালো স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, এই সময়োপযোগী ও গতিশীল নেতৃত্ব ঢাকা মহানগর উত্তর বিএনপিকে রাজপথে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে। এ সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের শীর্ষ নেতৃত্বের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।