রাজধানী উত্তরা ১০ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উদ্যোগে এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে পরিচালিত এই অভিযানে ভবনের সামনের বিভিন্ন অবৈধ অংশ ও নকশা-বহির্ভূত বর্ধিত অংশ ভেঙে ফেলে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান।

অভিযানকালে রাজউকের অথরাইজড অফিসার এস এম এসানুর ইমাম, সহকারী অথরাইজড অফিসার জনাব মো. ইলিয়াস মিয়া ও জনাব মশিউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানে সার্বিক সহায়তা করেন প্রধান ইমারত পরিদর্শক তন্ময় দেব তাপস ও মো. নুরুল ইসলাম।

অভিযানে রাজউকের ইমারত পরিদর্শক জনাব নাইমুল ইসলাম, মো. নাইমুল ইসলাম, মো. পারভেজ, মুরাদ হোসেন ও হারুনুর রশিদ সক্রিয়ভাবে অংশ নেন।

রাজউক সূত্রে জানা যায়, নকশাবহির্ভূত ভবন নির্মাণ ও অবৈধ দখলের বিরুদ্ধে রাজউকের এই নিয়মিত অভিযান চলমান থাকবে। স্থানীয়দের রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণের নির্দেশনা দেওয়া হয়।