দেশে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও আমরা যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেব।"
শনিবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "অতীতের অপশক্তি আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করতে চায়। একাত্তর, ১৯৭৫ এবং ২০২৪ সালের আন্দোলনের মতো এবারও বাংলাদেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রের যোগ্য জবাব দেওয়া হবে।"
তিনি আরও বলেন, "৭ নভেম্বর হচ্ছে জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের বাকস্বাধীনতা পুনরুদ্ধারের দিন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা জীবন বিসর্জন দিয়ে যে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, তা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
বক্তব্যের একপর্যায়ে স্লোগান তুলে তিনি বলেন, ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।’
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "যে দেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটাতে পারে, সে দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দাবিয়ে রাখা সম্ভব নয়।"
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ড. এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ অন্যান্য দলীয় শীর্ষ নেতারা।