ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সুযোগের সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁর কিছু উপদেষ্টা। তাঁরা সতর্ক করে বলেছেন, আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে তাঁদের বিভিন্ন আইনি ও আর্থিক বাধার কারণে সামরিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

আজ শনিবার (৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সামরিক প্রধান জেনারেল ড্যান কেইনসহ বেশ কয়েকজন শীর্ষ উপদেষ্টা ট্রাম্পকে পরিস্থিতির গুরুত্ব ব্যাখ্যা করেন। উপদেষ্টারা সতর্ক করেন যে, জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর অর্থ ছাড় কড়াকড়ি, তদন্ত এবং বিভিন্ন বিল পাসের মাধ্যমে যুদ্ধ পরিচালনা সংকুচিত করে তুলতে পারে।

বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানে নতুন করে হামলার জোর তাগিদ দিলেও প্রশাসনের অন্য একটি পক্ষ কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংঘাত এড়াতে ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার পক্ষে অবস্থান নিচ্ছেন।

এনবিসি নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, যদি শেষ পর্যন্ত ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা হবে স্বল্প সময়ের কিন্তু অত্যন্ত তীব্র। এ ক্ষেত্রে ইরানের তেল ও গ্যাস ক্ষেত্র, পারমাণবিক অবকাঠামো এবং কৌশলগত পাহাড়ভিত্তিক স্থাপনাগুলোকে মূল লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিষয়টি নিয়ে এনবিসি নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, "প্রেসিডেন্টের হাতে সমস্ত বিকল্প খোলা রয়েছে। তবে তিনি কখন এবং কী পদক্ষেপ নেবেন, সে সিদ্ধান্ত কেবল তিনিই নেবেন।"

(সূত্র: এনবিসি নিউজ)