নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে যশোরের রাজপথে সরব অবস্থান নিয়েছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিন সংগঠনের যৌথ উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিন সংগঠনের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম; জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা; এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে কোনো নৈরাজ্য, সন্ত্রাস বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন যে, যশোরসহ সারাদেশের শান্তি-শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা রক্ষায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।