যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুর আনুমানিক ১২:৪৫ মিনিটে অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিশুকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটিকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নম্বর: ১৭, তারিখ: ২৭ অক্টোবর ২০২৬) দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক থাকা শিক্ষক ইমরান হোসেনকে (পিতা: মৃত নজরুল ইসলাম, গ্রাম: বুইকরা) তথ্যপ্রযুক্তির সাহায্যে ঢাকার মিরপুর থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়।

অভয়নগর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং সচেতন মহল দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।