দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে। এর মধ্যে চলতি নভেম্বর মাসের প্রথম ৯ দিনেই প্রাণ হারিয়েছেন ৫২ জন। উল্লেখ্য, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে ৫৬৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২২৯ জন, খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে। তাদের মধ্যে ইতিমধ্যে ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।