রেলওয়ের সরঞ্জাম ক্রয়ে অনিয়ম, পাসপোর্ট সেবায় দালালের দৌরাত্ম্য এবং সড়ক নির্মাণ ও সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে দেশের চার স্থানে পৃথক সরেজমিন অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে পৃথক পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয় বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। অভিযানকালে মালামালের মজুত ও ক্রয়সংক্রান্ত নথি যাচাই, সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি তথ্য সংগ্রহ এবং নির্মাণকাজের মান পরিদর্শনসহ নমুনা সংগ্রহ করা হয়।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো), কমলাপুরের অধীন ঢাকা লোকো শেডের স্টোরে বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। অভিযানকালে স্টোরে সংরক্ষিত মালামালের রেজিস্টার, ক্রয়তালিকা ও ভাউচার পর্যালোচনার পাশাপাশি ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েলসহ অন্যান্য সামগ্রীর মজুত সরেজমিনে মিলিয়ে দেখা হয়। এ সময় মালামাল সংরক্ষণ ও তথ্য লিপিবদ্ধকরণে প্রাথমিকভাবে কিছু অসংগতি পরিলক্ষিত হয়। সংগৃহীত নথিপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে টিম।
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি, দালালচক্রের প্রভাব এবং সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালায় দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের একটি টিম। দুদকের প্রতিনিধিরা ছদ্মবেশে অবস্থান নিয়ে পাসপোর্ট সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। প্রাথমিক তদন্তে সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও অসংগতির সত্যতা পাওয়া গেছে।
পঞ্চগড় পৌরসভায় সড়ক সংস্কার প্রকল্প গ্রহণে অদূরদর্শিতা ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের টিম। পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়কে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নিম্নমানের ইট বিছানোর মাত্র তিন মাসের মাথায় তা তুলে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। দুদক টিম একজন নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে কাজের মান যাচাই করে এবং ল্যাব পরীক্ষার জন্য বিভিন্ন নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করে।
নাটোরের লালপুর উপজেলায় লালপুর-বিলমাড়ীয়া-দুরদুরিয়া গ্রামীণ সড়ক মেরামতকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্ধারিত শিডিউল না মানার অভিযোগে অভিযান চালায় দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়। অভিযোগ রয়েছে, ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। অভিযানের সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একজন নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সরেজমিন পরিদর্শন এবং এলজিইডি কার্যালয় থেকে প্রকল্পের নথি সংগ্রহ করা হয়।